‘ভারত কখনোই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের সম্ভাবনা খুবই কম বলে মনে করেন ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত। তাঁর মতে, বাংলাদেশ জোরালো দাবি জানালেও এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেও ভারত শেখ হাসিনাকে হস্তান্তরে আগ্রহী হবে না।
‘ডেইলি ওয়াদা’কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীরাধা দত্ত বলেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। ভারত তাঁকে বন্ধু হিসেবে বিবেচনা করে। এ কারণে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
তবে নিজের বক্তব্যের বিষয়ে তিনি স্পষ্ট করেছেন, এটি তাঁর ব্যক্তিগত বিশ্লেষণ; ভারতের সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজের পর্যবেক্ষণ থেকেই তিনি এমন ধারণা করছেন।
শ্রীরাধা দত্তের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হতে পারে। দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ জড়িত থাকায় সম্পর্ক স্বাভাবিক রাখা জরুরি।
তিনি বলেন, শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়টি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিতে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। এ ইস্যু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি আইনি বিষয় এবং আইন অনুযায়ী তা বিবেচনা করা হবে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ।
শেখ হাসিনার পাসপোর্ট ও দেশে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে শ্রীরাধা দত্তের ধারণা, পাসপোর্ট নিয়ে আলোচনা রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। নির্বাসনে থেকেও সাক্ষাৎকার, নিবন্ধ ও সমর্থকদের মাধ্যমে প্রচারিত ভিডিওর সাহায্যে শেখ হাসিনা নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছেন।
শ্রীরাধা দত্ত আরও মনে করেন, আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের কাছে শেখ হাসিনা এখনো গুরুত্বপূর্ণ। তবে দলীয় সমর্থকদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাধারণ মানুষের মনোভাবের পার্থক্য রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি বড় অংশের মধ্যে তাঁর প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তাঁর মতে, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে জমে ওঠা রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষোভের পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের অভিজ্ঞতাও তরুণদের মনোভাব গঠনে ভূমিকা রেখেছে।


No Comment! Be the first one.