আওয়ামী লীগবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের রাজনৈতিক শরিকদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগী হচ্ছে ক্ষমতাসীন বিএনপি। পারস্পরিক দূরত্ব ও ভুল বোঝাবুঝি কমিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সমন্বয় বাড়ানোই দলটির এ উদ্যোগের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বোমা হামলা, যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে আওয়ামী লীগবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় বিএনপি। দলটির নেতাদের মতে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ কর্মসূচিতে সমন্বয় জোরদার করা এখন গুরুত্বপূর্ণ।
একসময় বিএনপির পক্ষে শরিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন দলটির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বর্তমানে মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় দলীয় কর্মকাণ্ডে সরাসরি যুক্ত নন। অন্যদিকে অসুস্থতার কারণে নজরুল ইসলাম খানও আগের মতো সক্রিয়ভাবে শরিকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন না।
শরিকদের অসন্তোষ
বিএনপি সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর গত ২০ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ও নৈশভোজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে কয়েকজন নেতা সরকার পরিচালনায় তাঁদের মতামত না নেওয়া, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ না পাওয়া এবং যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। এরপর থেকেই সাবেক আন্দোলনসঙ্গী ও সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্কের টানাপড়েন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই শরিক দলগুলোর কয়েকজন নেতা সরকারের সমালোচনা শুরু করেন। তাঁদের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতা, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রত্যাশিত অগ্রগতি না থাকায় সরকারের প্রতি তাঁদের অসন্তোষ বাড়ছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ার বিষয়টি তুলে ধরেছেন। তাঁর ভাষ্য, বিএনপির সঙ্গে তাঁদের রাজনৈতিক দূরত্ব ক্রমেই বাড়ছে বলে মনে হচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি ‘রেইনবো নেশন’ ও জাতীয় সরকার গঠনের মতো যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর বাস্তবায়নে এখন পর্যন্ত দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।
সাইফুল হক আরও বলেন, রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে তা দেশের জন্য ইতিবাচক হবে।
শরিক দলগুলোর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েও যাঁরা বিএনপির পাশে ছিলেন, ক্ষমতার পালাবদলের পর তাঁদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। সরকার গঠনের পর বিএনপির সঙ্গে তাঁদের যোগাযোগও আগের তুলনায় কমেছে বলে দাবি করছেন তাঁরা। নির্বাচনের আগে ক্ষমতা ভাগাভাগি ও রাজনৈতিক অংশীদারত্ব নিয়ে দেওয়া প্রতিশ্রুতির অনেক কিছু বাস্তবায়িত হয়নি বলেও অভিযোগ রয়েছে।
পুরোনো ২০ দলীয় জোটের শরিকদের তুলনায় যুগপৎ আন্দোলনের নতুন মিত্রদের বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও রয়েছে। নতুন মিত্রদের কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার বিষয়টি পুরোনো শরিকদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট দলগুলোর নেতারা মনে করছেন।
সংস্কার ইস্যুতেও মতবিরোধ
শরিকদের সঙ্গে দূরত্বের পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বিএনপির মতপার্থক্য রয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ ও গঠন নিয়ে বিএনপি ও বিরোধী দলগুলোর অবস্থানে ভিন্নতা দেখা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে এনসিপির তিন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে আওয়ামী লীগকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি। একই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন।
দেশজুড়ে নাশকতার আশঙ্কা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সংস্কার ইস্যুতে মতবিরোধের মধ্যে বিএনপির এই উদ্যোগকে রাজনৈতিক ঐক্য পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে দীর্ঘদিনের শরিকদের সঙ্গে সম্পর্কের টানাপড়েন কাটিয়ে এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয়ও রয়েছে।


No Comment! Be the first one.