পাবনার বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
রোববার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে মঈন উদ্দীন খাজার অনুসারীদের দাবি, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাঁর বহিষ্কারের সিদ্ধান্তে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।
নিজের বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা বলেন, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রতিবাদ করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি আজীবন বিএনপির রাজনীতি করে যাবেন বলে জানান।
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।


No Comment! Be the first one.