দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সব সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত চেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ অতীতেও সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে এবং ভবিষ্যতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
কঠিন চীবর দানকে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজন শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের চেতনা জোরদার করতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৌদ্ধ ধর্মীয় প্রয়াত নেতাদের স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাঁদের কর্ম ও অবদান মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে গৌতম বুদ্ধের জীবন ও দর্শন থেকে শিক্ষা নিয়ে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে চলার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর মাধ্যমে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। অতীতের মতো এবারও দেশের মানুষ এসব প্রচেষ্টা প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির বিষয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার সব ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান প্রত্যেক নাগরিককে যে অধিকার দিয়েছে, তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই; এ দেশের সবাই বাংলাদেশি নাগরিক। সবার অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ এ দেশে একসঙ্গে বসবাস করছেন। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের যে সুনাম রয়েছে, তা অক্ষুণ্ন রাখতে হবে। দেশ, জনগণ, মা ও মাটির স্বার্থে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। এর মধ্য দিয়ে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছিল। সেই দেহভস্ম এখনো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট দেওয়া হয়। এ সময় তিনি একটি স্মারকগ্রন্থের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।


No Comment! Be the first one.