অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখতে পান, তিনি বিছানায় পড়ে আছেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর দ্রুত তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপনচিত্র দিয়ে অভিনয় শুরু
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে পরিচিতি পান। ২০০৭ সালে প্রচারিত ওই ধারাবাহিকে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।
একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’।
বড় পর্দায়ও ছিল তাঁর উপস্থিতি। হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছাড়াও ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’ ও ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেন সোহেল খান। সর্বশেষ ২০২৫ সালে ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তাঁকে গ্যারেজের মালিকের চরিত্রে দেখা যায়।
সোহেল খানের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে। ‘জংলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি সংস্কৃতিচর্চা হয়—এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
সোহেল খানের ছোট ভাই ও চ্যানেল আইয়ের বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান জানান, বগুড়ায় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ ধামরাইয়ে নেওয়া হবে। পরে রাজাপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


No Comment! Be the first one.