পাঁচবিবিতে ৪৬০ এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৬০ জন এতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ। সংস্থাটির এ উদ্যোগে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির কাফালতভুক্ত ৪৬০ জন এতিম শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রতিনিধি মুস্তাফিজুর রহমান এবং জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক হাসান ফারুকী।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও আনন্দময় করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন স্কুল ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা এবং তাদের ভবিষ্যৎ গঠনে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষা উপকরণের অভাবে কোনো শিশু যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
স্থানীয়রা জানান, এতিম শিশুদের শিক্ষা ও কল্যাণে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের শিক্ষাজীবন আরও গতিশীল হবে।
এ সময় সংশ্লিষ্টরা সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, চিকিৎসা এবং সার্বিক কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।



No Comment! Be the first one.