ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনের অনুমতি না পেলেও মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহফিল আয়োজনের আবেদনটি এখনো অনুমোদন করা হয়নি।
আয়োজক ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর করা আবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়। এ পরিপ্রেক্ষিতে মাহফিলের অনুমতি দেওয়া হয়নি।
মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী জানান, গত ২৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তাঁরা। সে সময় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছিল এবং পরবর্তী সময়ে লিখিত অনুমতিপত্র দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে এখনো লিখিত অনুমতি পাননি তাঁরা।
মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টায় ভূষণ স্কুল মাঠে মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে থাকার কথা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মতিয়ার রহমানকে।
এদিকে একই সময় ও স্থানে ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইকে মাইক লাগিয়ে এ কর্মসূচির প্রচার চালানো হয়। অন্যদিকে মাহফিল সফল করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা। সেখানে তাঁরা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাফসির মাহফিল বানচালের চেষ্টা করছে।
প্রশাসনের প্রতি মাহফিল আয়োজনে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, প্রশাসন যে সিদ্ধান্তই নিক, তাঁরা মাহফিল আয়োজন করবেন। এমনকি ১৪৪ ধারা জারি করা হলেও কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, সাবেক আমির মাওলানা ওলিউর রহমান, উপজেলা সেক্রেটারি লুৎফর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হক মোল্লা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি নিয়ে পরিস্থিতি বিবেচনা করে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস; কালবেলা।



No Comment! Be the first one.