গণতন্ত্রের পক্ষের সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দল-মতনির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দেশে পতিত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে প্রয়োজন, দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।’
বক্তব্যে তিনি দেশে ও দেশের বাইরে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডে জড়িতরা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের উদ্দেশ্যও স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় মানুষ আত্মত্যাগ করেছেন। কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ বা গণঅভ্যুত্থানে অংশ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সংসদে উপস্থিত গণতান্ত্রিক দলগুলোর প্রতিনিধিদের পাশাপাশি সংসদের বাইরে থাকা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেন।
বক্তব্যের শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি রাজনৈতিক স্লোগান উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং স্বাধীন-সার্বভৌম সংসদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে আর কোনো তাবেদার শক্তির হাতে তুলে দেওয়া হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।



No Comment! Be the first one.