লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, হাসপাতালে ৫
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়ে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের পর আহত পাঁচজনকে কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর নাহিদ ইসলাম হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন। ঘটনাস্থলে পুলিশের পাঁচটি গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। অ্যাম্বুলেন্সকর্মীরা হলের ভেতরে আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।
ঘটনার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি অভিযোগ করেন, সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম তাঁর পোস্টে আরও দাবি করেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করে তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এর আগে গত শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আওয়ামী লীগের একদল নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় সেখানে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন নাহিদ ইসলাম।



No Comment! Be the first one.