গোপালগঞ্জে সহিংসতা মোকাবিলায় মাঠে থাকার ঘোষণা বিএনপির
দলীয় কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন, থানা ও নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। সমাবেশে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা শহরের সোনালী ব্যাংক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন, মুকসুদপুর থানা এবং দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
এসব ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।
তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সী, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন।



No Comment! Be the first one.