বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫
চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগও উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে।
এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হন। তাঁরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন।
হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ হামলা চালান।
নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালানোর পাশাপাশি মাইকিং করে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তাঁর দাবি, হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম ওই মিছিলের নেতৃত্ব দেন বলে জানা গেছে। এর প্রতিবাদে শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করলে হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে মিছিলে থাকা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে বিএনপির পাঁচ থেকে ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। ভুক্তভোগীরা দুটি মোটরসাইকেল পোড়ানোর দাবি করলেও ঘটনাস্থলে পুলিশ এখন পর্যন্ত একটি মোটরসাইকেল পেয়েছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, হামলার পর উত্তেজিত নেতা-কর্মীরা এক যুবলীগ নেতার বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



No Comment! Be the first one.