নতুন পরিচয়ে বুবলী, প্রথম কাজ নিয়েই বড় অর্জন
ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন। প্রযোজক হিসেবে তাঁর নতুন যাত্রার প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলচ্চিত্রটি উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগের ট্যালেন্ট শাখায় নির্বাচিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সুখবর জানান বুবলী। একই সঙ্গে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র ‘ঠিকানা’র পোস্টারও প্রকাশ করেন তিনি।
পোস্টে বুবলী জানান, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ হিসেবে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে। নতুন এই অর্জনকে আনন্দ ও অনুপ্রেরণার বলে উল্লেখ করে আগামী দিনেও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে সবার ভালোবাসা ও সমর্থন চেয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৭ সালের ৯ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগের ট্যালেন্ট শাখায় নবীন নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ রয়েছে।
বুবলীর কর্মজীবন শুরু হয়েছিল টেলিভিশন সংবাদ উপস্থাপক হিসেবে। পরে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পরিচিতি পান তিনি।
অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় যুক্ত হয়ে নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ ‘ঠিকানা’ উৎসবে নির্বাচিত হওয়াকে ক্যারিয়ারের নতুন অর্জন হিসেবে দেখছেন বুবলী।



No Comment! Be the first one.