ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
বার্তা বাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের হাতে আসা একটি ভিডিওতে বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিওটি ধারণ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, একই দিন রাত ১০টার দিকে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসায় তল্লাশি চালায় পুলিশ। কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, তল্লাশির সময় তাঁকে বাসায় পাওয়া যায়নি।
তবে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুনের সূত্রপাত, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগের সত্যতা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।



No Comment! Be the first one.