‘নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না’
নন-এমপিও শিক্ষকদের মিছিল-মিটিং বাদ দিয়ে শ্রেণিকক্ষে ফিরে পাঠদানে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, এমপিও পাওয়ার যোগ্য সব শিক্ষককে এমপিও দেওয়া হবে। এ জন্য আন্দোলন বা মিছিল-মিটিং করার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, এমপিও পাওয়ার যোগ্য শিক্ষক, স্কুল, কলেজ ও মাদ্রাসার বিষয়ে সরকার অবগত রয়েছে। যোগ্য প্রতিষ্ঠানগুলোতে এমপিও পৌঁছে দেওয়া হবে; এ জন্য সংশ্লিষ্টদের মন্ত্রণালয়ে আসার প্রয়োজন হবে না।
শিক্ষকদের বদলির দাবির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা নিয়ে তিনি কাজ করছেন। তাঁর ভাষ্য, অতীতে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগে ত্রুটি থাকায় দেশের এক প্রান্তের শিক্ষককে অন্য প্রান্তে চাকরিতে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি জানান, বদলি ব্যবস্থা কীভাবে কার্যকর ও সুশৃঙ্খল করা যায়, সে বিষয়ে নিজ উদ্যোগে কাজ করছেন। এ জন্য কমিটি গঠন, অ্যাপস তৈরি এবং শিক্ষকদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে পাঠদান করেন, সেটিই তাঁর প্রত্যাশা। শিক্ষকদের সহায়তা করা এবং শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা তাঁর দায়িত্ব। এ ক্ষেত্রে মিছিল-মিটিংয়ের পরিবর্তে পাঠদানে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষক নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ভালো ফলাফল ও যোগ্যতার ভিত্তিতেই একজন শিক্ষক নেতা হওয়া উচিত। নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা পাঠদান করবেন এবং সরকার নিজেদের দায়িত্ব পালন করবে। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে তখন শিক্ষকদের কথা বলার সুযোগ থাকবে বলে মন্তব্য করেন তিনি।



No Comment! Be the first one.