বাংলাদেশে শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন ন্যূনতম মজুরি ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি নতুন মজুরি কাঠামো নিয়ে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান অভিভাবকের ভূমিকা পালন করে একটি সমাধানে পৌঁছাতে সহায়তা করেছেন। ওই সিদ্ধান্তের ভিত্তিতে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।
তিনি জানান, নতুন মজুরি কাঠামোতে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে বলে দাবি করেন তিনি। রিজভীর ভাষ্য, নির্ধারিত এই মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং সদস্যসচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বের কথা উল্লেখ করেন তিনি।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকেরা সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছেন এবং কিছু কিশোর গ্যাং ও তাদের সহযোগীদের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে আর পা রাখতে পারবেন না। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের যে বক্তব্য দেওয়া হয়েছে, তার জবাবে তিনি বলেন, বাংলাদেশের ওপর অন্য কোনো শক্তি আগ্রাসন চালিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না।



No Comment! Be the first one.