ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর ও নোয়াখালী থেকে তাঁদের আটক করা হয়। এর আগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করেছিল ডিবি।
গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা হলেন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের মো. রাকিবুল হাসান। আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
ডিবি সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাঁকে গাজীপুর থেকে আটক করা হয়। অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম দুই কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মামলার রিকুইজিশন ছিল। আটকের পর তাঁকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর রাকিবুল হাসানকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এসআরবি-১৪ ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ডিবি।



No Comment! Be the first one.