আধিপত্যবাদীদের সাহায্য নিয়েও দেশে ফিরতে পারবেন না হাসিনা: রিজভী
কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তা নিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সাহায্য নিয়ে পলাতক শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখতে পারবেন না। এ সময় তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার বল প্রয়োগ করে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি; বরং বিএনপির নেতাকর্মীরাই হত্যার শিকার হয়েছেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা বাংলাদেশকে কখনো ভালোবাসেনি, তারাই পেছন থেকে ফ্যাসিবাদী শক্তিকে সহায়তা করছে। সরকারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, খুনি ও পলাতক ফ্যাসিস্টরা কখনোই দেশে ফিরে আসতে পারবে না।
শ্রমিক দলের সদস্যসচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশের শ্রমিক-জনতাকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে শ্রমিক দল।



No Comment! Be the first one.