পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের, আবেগঘন পোস্ট
পাকিস্তানের ইসলামাবাদে জাতীয় পরিষদ ভবনে দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। প্রজন্মের ব্যবধান পেরিয়ে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে একই পার্লামেন্ট ভবনে উপস্থিত হওয়াকে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে যুক্ত এক বিশেষ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে এ অনুভূতির কথা জানান হুম্মাম কাদের। পোস্টের সঙ্গে ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির নিচে দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করেন তিনি।
পোস্টে হুম্মাম কাদের লেখেন, ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার তাঁর দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানো তাঁর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গর্বের মুহূর্ত।
তিন প্রজন্মের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন সংসদ সদস্য হিসেবে ওই ঐতিহাসিক ভবনে ফিরে আসা তাঁর পরিবারের রাজনৈতিক পথচলার এক মর্মস্পর্শী স্মারক।
পোস্টে ইতিহাসের সঙ্গে ভবিষ্যতের দায়িত্ববোধের বিষয়টিও তুলে ধরেন হুম্মাম কাদের। তাঁর ভাষায়, ইতিহাস মানুষকে অতীতের সঙ্গে যুক্ত করে, একই সঙ্গে ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।
ছবিটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও লেখেন, এটি তাঁর কাছে কেবল একটি মুহূর্তের ছবি নয়; বরং প্রজন্মের মধ্যে ব্যক্তিগত সংযোগ, ঐতিহ্যের অনুভূতি এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের প্রতীক।
পাকিস্তান সফরে সংসদীয় প্রতিনিধিদল
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল ২৩ নভেম্বর পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিনিধিদলে হুম্মাম কাদের চৌধুরী ছাড়াও রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরাত আদিব চৌধুরী ও নিলুফার চৌধুরী মনি এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান। সফর শেষে ২৯ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
পাকিস্তানের জাতীয় পরিষদের সরকারি বিজ্ঞপ্তিতে হুম্মাম কাদের চৌধুরীকে সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর নাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কে এম ফজলুল কাদের চৌধুরী ১৯৬৩ সালের ২৯ নভেম্বর থেকে ১৯৬৫ সালের ১২ জুন পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ছিলেন।
ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে হুম্মাম কাদেরের এই পোস্টে তাঁর পারিবারিক ইতিহাস ও বর্তমান রাজনৈতিক পরিচয়ের সংযোগ উঠে এসেছে।



No Comment! Be the first one.