এক বছর বিরতির পর ৮ বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করবেন আজহারী
এক বছর বিরতির পর দেশের আটটি বিভাগে আবারও উন্মুক্ত মাঠে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। শিগগিরই দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন আজহারী।
পোস্টে তিনি জানান, এক বছর বিরতির পর আট বিভাগে তাঁর আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব ধর্মীয় আয়োজন সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন এই ইসলামি বক্তা। এ জন্য উপস্থিত সবাইকে ধর্মীয় শিষ্টাচার মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আজহারী বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ব্যাহত না করে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মাহফিলের প্রকৃত সার্থকতা শুধু বিপুল জনসমাগম বা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, কোরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই এসব আয়োজনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
ফেসবুক পোস্টের শেষাংশে আজহারী লেখেন, কোরআনের সার্বজনীন বার্তা মানুষকে সঠিক জীবনদর্শন ও সফলতার পথ দেখায়। তাই কোরআনের মাহফিলকে শুধু জনসমাগমের আয়োজন না করে জীবন পরিবর্তনের উপলক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পোস্টে শিগগিরই শ্রোতাদের নিজ নিজ শহরে দেখা হওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন আজহারী। তবে মাহফিলগুলোর নির্দিষ্ট তারিখ, স্থান ও বিস্তারিত সময়সূচি ওই ঘোষণায় উল্লেখ করা হয়নি।



No Comment! Be the first one.