পাসপোর্ট সূচকে বিশ্বে ১৯২তম বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ
বিশ্বের পাসপোর্টের শক্তি ও ভ্রমণসুবিধা নিয়ে আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত হালনাগাদ সূচকে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে তৈরি এই সূচকে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫। এ স্কোরের ভিত্তিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এ ছাড়া ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা পাওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, বিশ্বের ১১৫টি গন্তব্যে যেতে বাংলাদেশি নাগরিকদের আগাম ভিসা নিতে হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে, এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
সূচকের বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম এবং নেপাল ১৮৩তম। এ ছাড়া পাকিস্তান রয়েছে ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম অবস্থানে।
আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৪ সালে পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের পাসপোর্টধারীরা কতটি গন্তব্যে ভিসা ছাড়াই, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা নির্দিষ্ট ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়।
তবে আর্টন ক্যাপিটল এবং যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের মূল্যায়ন পদ্ধতি এক নয়। ফলে একই দেশের পাসপোর্টের অবস্থান দুই সূচকে ভিন্ন হতে পারে।



No Comment! Be the first one.