এবার জীবনসঙ্গী খুঁজে দেবে এআই, তিন বছরে বিয়ে না হলে টাকা ফেরত
জীবনসঙ্গী খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে চীনে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ডেটিং অ্যাপ ‘লিয়াংপেই এআই’। অ্যাপটির বিশেষ আকর্ষণ হলো, ব্যবহারের পর তিন বছরের মধ্যে বিয়ে না হলে নির্দিষ্ট শর্তে গ্রাহকের সাবস্ক্রিপশন ফি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে অ্যাপটি চালু হয়। এর বার্ষিক সাবস্ক্রিপশন ফি ২ হাজার চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকার সমান। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, তিন বছরের মধ্যে ব্যবহারকারী বিয়ে করতে না পারলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সাবস্ক্রিপশনের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
প্রচলিত ডেটিং অ্যাপের তুলনায় লিয়াংপেই এআইয়ের কাজের ধরন কিছুটা আলাদা। এখানে একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ নেই। একজন ব্যবহারকারী একবারে কেবল একজন সম্ভাব্য জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেই পরিচয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন কাউকে খোঁজার সুযোগ দেওয়া হয় না।
অ্যাপটিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীকে নিজের প্রকৃত নাম ও ছবি দিতে হয়। পাশাপাশি যাচাই করা হয় বৈবাহিক অবস্থা। এরপর এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিটের কথোপকথনে ব্যবহারকারী নিজের পরিবার, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গী সম্পর্কে প্রত্যাশার কথা জানান।
এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর একটি প্রোফাইল তৈরি করে অ্যাপটি। সেই প্রোফাইলের ভিত্তিতে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করে এর এআই ব্যবস্থা।
অ্যাপটিতে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামে সম্পর্কবিষয়ক পরামর্শ দেওয়ার একটি সুবিধাও রয়েছে। ব্যবহারকারীর প্রোফাইল ও কথোপকথন বিশ্লেষণ করে সম্পর্কের বিভিন্ন জটিলতা মোকাবিলায় পরামর্শ দেয় এই ফিচার।
লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। এর আগে তিনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন।
প্রতিষ্ঠানটির দাবি, ইতোমধ্যে ৩৫ হাজারের বেশি মানুষ অ্যাপটিতে নিবন্ধন করেছেন। প্রযুক্তির সহায়তায় জীবনসঙ্গী খোঁজার এই উদ্যোগ অনলাইন ডেটিংয়ের প্রচলিত ধারণায় নতুন মাত্রা যোগ করেছে।



No Comment! Be the first one.