‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেব’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর মন্তব্য
বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে নিয়ন্ত্রণে নেওয়ার মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনা চলার মধ্যে তাঁর এমন বক্তব্যের বিপরীতে রাজ্যটির অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং ভারতের পররাষ্ট্রনীতির বিষয় বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্জুন সিং বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব।’ বাংলাদেশে হিন্দুদের হত্যার অভিযোগ তুলে তিনি প্রতিশোধ নেওয়ার কথাও বলেন।
তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত হননি পশ্চিমবঙ্গের অন্য নেতারা। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। দেশটির নেতাদের রাজনৈতিক বিরোধের বদলে সাধারণ মানুষের ভবিষ্যৎ ও নতুন বিনিয়োগের বিষয়ে ভাবা উচিত।
বাংলাদেশের অস্থিতিশীলতার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে উদ্বেগ জানান দিলীপ ঘোষ। তাঁর মতে, প্রতিবেশী দেশে উত্তেজনা ও সমস্যা বাড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও পড়তে পারে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দেবে। শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে তাঁর আলাদা করে কিছু বলার নেই বলেও জানান তিনি। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেন তিনি।
একই ধরনের অবস্থান জানান পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, বিষয়টি ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কিত। এ নিয়ে বক্তব্য দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্ব ও পররাষ্ট্রমন্ত্রীর।
এর আগে, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোয়াজ্জেম আলীর বরাত দিয়ে রয়টার্সের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলার মধ্যেই পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ নিয়ন্ত্রণের মন্তব্য এবং অন্য নেতাদের কূটনৈতিক অবস্থান নতুন বিতর্কের সৃষ্টি করেছে।



No Comment! Be the first one.