কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ, আতঙ্কে অসুস্থ চবি ছাত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়–২৪ হলে এক ছাত্রীর কক্ষে মাকড়সা ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
গত সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ হলে এ ঘটনা ঘটে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের, আর ভুক্তভোগী ছাত্রী চতুর্থ বর্ষে পড়েন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসন সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী হলের নিচতলার একটি কক্ষে থাকেন। ঘটনার রাতে তিন সিনিয়র শিক্ষার্থী তাঁকে নিজেদের কক্ষে ডেকে নেন। সেখানে দরজা বন্ধ করে তাঁর পায়ের কাছে একটি মাকড়সা ছেড়ে দেওয়া হয়। মাকড়সা দেখে ওই ছাত্রী চিৎকার করে ওঠেন। কক্ষ থেকে বের হওয়ার সময় তাঁকে কটূক্তি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
এরপর আতঙ্কে তাঁর বমি ও বুকে ব্যথা শুরু হয়। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে ওই ছাত্রী চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি আতঙ্কিত ছিলেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বমির কারণে তাঁকে ওষুধ দেওয়া হয় এবং পরে হলে পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। অভিযোগে তিনি জানান, তাঁর মাকড়সাভীতি সম্পর্কে হলের ব্লকের সবাই জানতেন। মাকড়সাটি আগে থেকেই একটি বাটিতে বন্দী করে রাখা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল। ঘটনার পর থেকে তিনি হলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না—এ নিশ্চয়তা চান।
অন্যদিকে, অভিযুক্ত তিন শিক্ষার্থীও প্রক্টরের কাছে আবেদন করেছেন। তাঁদের দাবি, ভুক্তভোগী ছাত্রীর মাকড়সার প্রতি তীব্র ভীতির বিষয়টি তাঁরা আগে জানতেন না। নিছক মজা করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এ জন্য তাঁরা ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন।
বিজয়–২৪ হলের প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি, প্রক্টর ও আবাসিক শিক্ষকেরা দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে অভিযুক্ত তিন শিক্ষার্থী ক্ষমা চান। পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার বৈঠক হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা ঘটনাটির জন্য অনুতপ্ত। বুধবার আবারও বৈঠক করার কথা রয়েছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।



No Comment! Be the first one.