নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তাঁর সফরের তথ্য নিশ্চিত করেন।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
বিশেষ এই মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটি অফরোড ফোরহুইল ড্রাইভ সাঁজোয়া যানও নিজে চালিয়ে দেখেন। এ ছাড়া সামরিক যান ও মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন হয়েছে। তবে প্যারা কমান্ডো ব্রিগেড, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষায়িত ইউনিটগুলোর এ ধরনের যৌথ মহড়া এবারই প্রথম।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা ছিল।



No Comment! Be the first one.