শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রয়টার্সের প্রতিবেদনকে ‘স্ট্যান্টবাজি’ বললেন সুজন মাহমুদ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনকে ‘স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। তাঁর দাবি, রয়টার্সের প্রতিবেদনের বরাতে দেশীয় কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত শিরোনাম বিভ্রান্তিকর এবং মূল প্রতিবেদনের বক্তব্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে সুজন মাহমুদ লেখেন, শেখ হাসিনা ও তাঁর দলের দেশে ফেরার বিষয়ে কোনো সংবাদ প্রকাশিত হলেই কিছু গণমাধ্যমের মধ্যে অতিরিক্ত আগ্রহ দেখা যায়। তাঁর অভিযোগ, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে রয়টার্সের বরাতে প্রকাশিত কয়েকটি শিরোনামে এমনভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন।
সুজন মাহমুদের ভাষ্য, রয়টার্সের প্রতিবেদনে তথ্যটি এসেছে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বক্তব্যের ভিত্তিতে। অথচ দেশীয় গণমাধ্যমের কিছু শিরোনামে মুখপাত্রের বক্তব্যের বিষয়টি উল্লেখ করা হয়নি। এতে পাঠকের কাছে মুখপাত্রের বক্তব্য শেখ হাসিনার সরাসরি বক্তব্য বলে মনে হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্য তুলে ধরে তিনি বলেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার মুখপাত্র রয়টার্সকে তাঁর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। একই সঙ্গে প্রতিবেদনে বাংলাদেশ সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে—শেখ হাসিনা কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।
সুজন মাহমুদের অভিযোগ, কয়েকটি দেশীয় গণমাধ্যমের শিরোনামে শেখ হাসিনার পক্ষের বক্তব্য গুরুত্ব পেলেও সরকারের অবস্থান যথাযথভাবে তুলে ধরা হয়নি। তাঁর মতে, এতে পাঠক রয়টার্সের প্রতিবেদনের পূর্ণাঙ্গ বক্তব্য জানতে পারেন না।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, রয়টার্সের প্রতিবেদনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানসংক্রান্ত তথ্যও রয়েছে। তাঁর দাবি, দেশীয় গণমাধ্যমের কিছু শিরোনামে এসব গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত ছিল।
সুজন মাহমুদ জানান, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবেদনটি ২৪ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৬ মিনিটে প্রথম প্রকাশিত হয় এবং পরে সংশোধন করা হয়।
পোস্টের শেষাংশে সুজন মাহমুদ রয়টার্সের প্রতিবেদনটিকে ভারতীয় সাংবাদিকের ‘স্ট্যান্টবাজি টাইপের রিপোর্ট’ বলে মন্তব্য করেন।



No Comment! Be the first one.