আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের কর্মীরা রাজপথে বিক্ষোভ প্রদর্শন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘দ্য ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম। তবে ডিসেম্বরের পুরো মাসজুড়ে আন্দোলনের গতি ধরে রাখা দলটির জন্য কঠিন হবে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের এই পর্যবেক্ষণ তুলে ধরেন শফিকুল আলম।
পোস্টে তিনি লেখেন, ডিসেম্বরের পুরো মাসজুড়ে আন্দোলনের গতি ধরে রাখা আওয়ামী লীগের কর্মীদের পক্ষেও কঠিন হবে। তবে ১৫ ও ১৬ ডিসেম্বর তারা আবারও রাজপথে বিক্ষোভ প্রদর্শন এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। মাসের বাকি দিনগুলো তাদের কাছে তেমন আকর্ষণীয় হয়ে উঠবে না বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশি কর্তৃপক্ষকে বিমান পাঠানোর আহ্বানের প্রসঙ্গও উল্লেখ করেন শফিকুল আলম। তাঁর মতে, এ আহ্বানের ফলে ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে সামান্য অনিশ্চয়তা ছিল, সেটিও দূর হয়েছে।
তিনি ওই আহ্বানকে ‘ফাঁকা হুমকি’ বা ‘লোকদেখানো চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেন। শফিকুল আলম বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল ও পবিত্র দিন—বিজয় দিবস। এ দিনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুল আলমের মতে, এ ঘোষণার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া কিছুটা সহজ হয়েছে। এখন একটি নির্দিষ্ট তারিখকে কেন্দ্র করে তারা নিজেদের প্রস্তুতি ও কার্যক্রম সাজাতে পারবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ আবারও ভারতের কাছে তাঁর প্রত্যর্পণ চাইবে। তবে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রীধরা দত্তের উদ্ধৃতি দিয়ে শফিকুল আলম দাবি করেন, নয়াদিল্লি কখনোই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না।



No Comment! Be the first one.