‘দেশকে আর কখনোই কারও পৈতৃক সম্পত্তি বানাতে দেওয়া হবে না’—ডেপুটি স্পিকার
দেশকে আর কখনোই কারও পৈতৃক সম্পত্তি কিংবা ‘আমিত্বের’ দেশ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, এই দেশ সবার এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিতে হবে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, কোনো ব্যক্তি বা পরিবারের একক কৃতিত্বে দেশের স্বাধীনতা আসেনি। জনগণের সম্মিলিত অবদানেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিকেন্দ্রিক চিন্তার পরিবর্তে জনগণের অধিকার ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের ভূমিকা গুরুত্ব পাওয়া প্রয়োজন।
ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, যারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারা বারবার ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না; জনগণের সঙ্গে সমন্বয় করে দেশ পরিচালনা করতে হবে। দেশের মানুষ অন্যায়ের সঙ্গে আপস করে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের আন্দোলন এবং জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন।
এ সময় হাজং সম্প্রদায়ের ভাষা সংরক্ষণ নিয়েও কথা বলেন ডেপুটি স্পিকার। তিনি জানান, হাজং ভাষা সংরক্ষণের উদ্দেশ্যে বাংলা ও হাজং ভাষা পাশাপাশি রেখে ‘মূলা হাজং’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য মন্দিরভিত্তিক হাজং ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরির আয়োজনে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং হাজং সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।



No Comment! Be the first one.