পাবনায় মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ: সংঘর্ষ চলছে তিন দিন ধরে, বন্ধ দোকানপাট
পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের কারণে বেড়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। নিরাপত্তার শঙ্কায় ব্যবসায়ীদের কেউ কেউ রাত জেগে নিজেদের দোকানপাট পাহারা দিচ্ছেন।
সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার পর পৌরসভার বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। পৌরসভার সম্ভুপুর এলাকাতেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার দুপুরে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিন দিনের সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সমাধানের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বেড়া পৌর এলাকার সম্ভুপুর, পায়না ও আশপাশের বিভিন্ন এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে সরে যান। পরে পায়না ও সম্ভুপুর মহল্লার কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একই দিন বৃশালিখা মহল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাতেও দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২০ নভেম্বর) পৌরসভার সম্ভুপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কয়েকটি ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বেড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সাজেদুল ইসলাম অভিযোগ করে বলেন, বিনা উসকানিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
টানা তিন দিনের সংঘর্ষ ও উত্তেজনার প্রভাব পড়েছে বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যে। সংঘর্ষের সুযোগে দোকানপাটে লুটপাট হতে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ীরা অধিকাংশ সময় দোকান বন্ধ রাখছেন। কেউ কেউ রাত জেগে দোকানপাট পাহারা দিচ্ছেন।
স্থানীয় দোকানি আল আমিন হোসাইন বলেন, কয়েক দিন ধরে বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা থাকায় তাঁরা উদ্বিগ্ন। দোকান বন্ধ থাকলেও নিজেদের নিরাপত্তার কথা ভেবে বাজারে থাকতে হচ্ছে বলে জানান তিনি।
বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, তিন দিন ধরে সংঘর্ষ ও উত্তেজনার কারণে বাজারের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। ব্যবসায়ীরা আতঙ্কে দোকান খুলতে পারছেন না। এভাবে চলতে থাকলে তাঁদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতারা। সংঘর্ষের খবর পেয়ে শনিবার বৃশালিখায় বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার উত্তেজনা দেখা দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে বলেও জানান তিনি।



No Comment! Be the first one.