অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
দেশে কোনো অপশক্তি বা অতীতে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা সফল হবে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেছেন, সরকার গণতান্ত্রিক ও রাজনৈতিকভাবেই সব পরিস্থিতি মোকাবিলা করছে। দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, একাডেমিক ভবনের সম্প্রসারণকাজের উদ্বোধন, গুণী শিক্ষকদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আব্দুল বারী বলেন, সারাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার জুলুম-নির্যাতনের সরকার নয়। তাঁর অভিযোগ, ফ্যাসিস্ট শক্তির কোনো রাজনৈতিক দল বা আদর্শ নেই; তারা সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশকে ধ্বংস করে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কর্মসূচি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এর ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক সাড়া ও সুযোগ তৈরি হচ্ছে। উন্নত দেশগুলো বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে।
প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আব্দুল বারী বলেন, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্নির্মাণ ও শক্তিশালী করার কাজ চলছে। পাশাপাশি সৎ ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ কারণে জনগণের আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা এবং ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ভাতা ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি জয়পুরহাটের জন্য কয়েক হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প অনুমোদনের কথাও জানান প্রতিমন্ত্রী। এসব প্রকল্পের মাধ্যমে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম এবং সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।



No Comment! Be the first one.