মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত
পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে তাঁর বাংলাদেশে আসার কথা ছিল। তবে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়া এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সফরের সমন্বয়ক ও শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ।
সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, সফর আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সহযোগিতা পাওয়া গিয়েছিল। সফরসঙ্গীদের সবার অনাপত্তিপত্র পাওয়া গেলেও মুফতি তাকি উসমানির এনওসি পাওয়া যায়নি।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে মুফতি তাকি উসমানিকে বাংলাদেশে না এনে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়। বিষয়টি জানার পরও শেষ মুহূর্ত পর্যন্ত সফরটি আয়োজনের চেষ্টা করেছিলেন তাঁরা।
মুফতি মিজানুর রহমান সাঈদ আরও বলেন, মুফতি তাকি উসমানিকে বিষয়টি জানানো হলে তিনি সফর স্থগিতের সিদ্ধান্ত জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান সময়ে বাংলাদেশে আসাকে নিরাপদ মনে না করায় তিনি সফরটি স্থগিত করেছেন।
এর আগে গত ১১ নভেম্বর মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের চূড়ান্ত কর্মসূচি প্রকাশ করা হয়েছিল। সূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।
সফরসূচিতে আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান দেওয়ার কর্মসূচিও ছিল। এ ছাড়া বিভিন্ন মাদ্রাসা ও ইসলামি সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
তবে সফর স্থগিত হওয়ায় পূর্বনির্ধারিত এসব কর্মসূচিও আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে তাঁর বাংলাদেশ সফরের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।



No Comment! Be the first one.