গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে আগুন, পুড়েছে বৈদ্যুতিক সরঞ্জাম
গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে রাখা পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে থাকা কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রল নিক্ষেপ করলে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন দেওয়া হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রল নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।
ঘটনার পর কার্যালয়ের নিরাপত্তা এবং আশপাশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
এ ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।
দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



No Comment! Be the first one.