দীর্ঘ দুই দশকের বিরতি শেষে লালমনিরহাটে প্রধানমন্ত্রী, দিনভর একাধিক কর্মসূচি
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর লালমনিরহাট সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি জেলার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
সফরের শুরুতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচির মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রত্যাশা করা হচ্ছে। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে তাঁর।
দুপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে জেলার উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি এবং তিস্তা নদীকেন্দ্রিক বিভিন্ন সমস্যার বিষয়ে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন জেলাবাসী।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম লালমনিরহাট সফর। এর আগে বিএনপির নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে তিনি জেলাটি সফর করেছিলেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



No Comment! Be the first one.