ওসমান ফারুকের পদত্যাগের পর বিএনপির একাধিক নেতা-এমপিকে নিয়ে গুজব, যা বলছে দল
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর দলটির আরও কয়েকজন নেতা ও সংসদ সদস্যের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে। তবে এসব খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছে বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের পদত্যাগের দাবি ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির ১৭ জন নেতা ও সংসদ সদস্য চট্টগ্রামে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গোপন বৈঠক করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন—এমন দাবিতেও বিভিন্ন ফটোকার্ড প্রচার করা হয়।
তবে এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বরকত উল্লাহ বুলুসহ অন্য নেতাদের পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব ও অপপ্রচার।
শায়রুল কবির খানের ভাষ্য অনুযায়ী, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান এবং বুধবার সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হন।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে জানান। শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র পাঠান। স্পিকার ১৫ নভেম্বর পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি জাতীয় সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনেও নিশ্চিত করা হয়েছে। তবে তাঁর পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে অন্য সংসদ সদস্যদের পদত্যাগের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তার পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
বিএনপির পক্ষ থেকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।



No Comment! Be the first one.