হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভারত সংলাপ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়নি বলে দাবি করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তাঁর দাবি, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির আবেদন জমা দেওয়ার অন্তত চার দিন আগেই দুই দেশের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে সাইদুর রহমান বলেন, গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়। তবে এর অন্তত চার দিন আগেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের সিদ্ধান্ত হয়েছিল। তাই সংলাপ স্থগিতের সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কিংবা তাঁর পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। সংলাপ স্থগিতের কারণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে সাইদুর রহমান বলেন, কিছু গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর জেরেই সংলাপ স্থগিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, আবেদন জমা দেওয়ার আগেই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, তথ্যের সত্যতা যাচাই না করে অনুমাননির্ভর সংবাদ প্রকাশের প্রবণতা বাড়ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে যথাযথ যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সাইদুর রহমান আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের একটি অংশ অনেক ক্ষেত্রে সঠিক সাংবাদিকতার পরিবর্তে অনুমাননির্ভর সংবাদ পরিবেশন করছে। এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে এসে তথ্যের সত্যতা যাচাইয়ের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান তিনি। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতার নামে টুইস্ট বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা উচিত। কোনো ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করে অনুমানের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।



No Comment! Be the first one.