রাজনীতির নামে দেশ ধ্বংসের চক্রান্তে আ.লীগ: চরমোনাই পীর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নামে ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও দেশের সম্পদ নষ্টের মাধ্যমে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভোলা শহরের একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রেজাউল করিম বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের ও দেশের কল্যাণের জন্য। কিন্তু ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষের প্রাণহানি এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্টের মতো কর্মকাণ্ডকে তিনি দেশ ধ্বংসের চক্রান্ত হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলই এ দেশের মানুষকে নিয়ে গঠিত। তাই ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থ ও ক্ষমতার লোভ পরিহার করে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।
ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে চরমোনাই পীর বলেন, ইসলামের নীতি-আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করা হলে দেশে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। তাঁর দাবি, বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নীতি-আদর্শ দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।
স্বাধীনতার ৫৫ বছর পরও প্রত্যাশিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে পরবর্তী সময়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তারা প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেননি।
বিএনপি সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে অনুষ্ঠিত গণভোটের ফল বাস্তবায়নে সরকার যথাযথ উদ্যোগ নিচ্ছে না। জনগণের মতামত উপেক্ষা করে দেশ পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম।
সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। কমিটিতে মো. ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচ এম হাবিবুল্লাহকে সহসভাপতি এবং মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয়।



No Comment! Be the first one.