আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিট
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে দলটির সব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) কয়েকজন ‘জুলাই যোদ্ধার’ পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। আবেদনকারীদের মধ্যে রয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং এখনো শরীরে গুলি বহন করছেন—এমন আটজন ব্যক্তি। জনস্বার্থ ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদ অনুযায়ী আবেদনটি করা হয়েছে।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউর প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সময়ে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে এই নিষেধাজ্ঞা স্থায়ী নয় উল্লেখ করে আইন পাস অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দলটির সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটে আরও বলা হয়েছে, গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দেশজুড়ে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলায় জড়িত বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।
এ প্রসঙ্গে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও ও অগ্নিসংযোগ, বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়া, ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতাকে হত্যার অভিযোগ উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টার বিষয়ও আবেদনে তুলে ধরা হয়েছে।
চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও রিটে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন রিটকারীরা।
রিটে আরও দাবি করা হয়েছে, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির পলাতক নেতারা বিদেশে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে।
আওয়ামী লীগের পক্ষে টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দেওয়া এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন রিটকারীরা। এ ক্ষেত্রে পেনাল কোডের বিভিন্ন ধারা ও সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আওয়ামী লীগের সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করার পাশাপাশি সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনাও চাওয়া হয়েছে।
আবেদনে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। ১৯৭২-১৯৭৫ সালে রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুন ও ‘আয়নাঘর’ এবং শ্বেতপত্রে উল্লেখিত অর্থ পাচারের অভিযোগসহ বিভিন্ন বিষয় তদন্তের আওতায় আনার আবেদন জানানো হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততার বিষয়ও তদন্তের প্রস্তাব রয়েছে। ৯০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া দেশ-বিদেশে আওয়ামী লীগের অর্থের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানি শনাক্ত করে তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসগুলোকে দলটির কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করার আবেদনও করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী আওয়ামী লীগকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।
পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আলোকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে দেশটির সরকারকে অনুরোধ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।



No Comment! Be the first one.