অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর
জুলাই আন্দোলন দমনে অর্থের জোগান ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতির রিমান্ড আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী ৩০ নভেম্বর তাঁর উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন কারাগার থেকে জ্যোতিকা জ্যোতিকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে আদালত শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৯ নভেম্বর তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে ২১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজধানীর ভাটারা থানার সামনের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সমর্থনে মিছিল করছিলেন ছাত্র-জনতা। এ সময় আসামিরা দেশি ও অবৈধ অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় মামলার বাদী এনামুল হক ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন এনামুল হক। মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। তাঁর পাশাপাশি আরও ১৬ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে আন্দোলন দমনে বিপুল পরিমাণ অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের রিমান্ড আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও আলামত উদ্ধার, অর্থায়নের নেটওয়ার্কের তথ্য সংগ্রহ এবং মামলায় জ্যোতির সংশ্লিষ্টতা যাচাই।
আগামী ৩০ নভেম্বর আদালতে জ্যোতিকা জ্যোতির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।



No Comment! Be the first one.