বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’, মন্ত্রণালয়ে আবেদন
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ বাংলাদেশে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তির অনুমতি পেতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন। তিনি জানান, বাংলাদেশে সিনেমাটি মুক্তির লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রয়োজনীয় আবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও পরিস্থিতি ইতিবাচক বলে মনে করছেন তিনি।
অনন্য মামুনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে ‘কিং’ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তবে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার ওপরই নির্ভর করছে সিনেমাটির বাংলাদেশে মুক্তি।
এদিকে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) অনুযায়ী, ‘কিং’-এর বিপরীতে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘জংলি’ ভারতে মুক্তির বিষয়টিও আলোচনায় রয়েছে।
সবকিছু ঠিক থাকলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যেতে পারে শাহরুখ খানের ‘কিং’। তবে এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তির বিষয়টি নিশ্চিত হয়নি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রাঘব জুয়ালসহ একাধিক তারকা। বাবা-মেয়ের একসঙ্গে পর্দায় উপস্থিতি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।



No Comment! Be the first one.