নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অংশগ্রহণে আয়োজিত বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে তাঁর স্বর্ণদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে।
‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ নামের এই মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এ ধরনের মহড়া এবারই প্রথম আয়োজন করা হচ্ছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে একাধিক যৌথ অনুশীলন হয়েছে। তবে এবারের আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো একই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিতিও এ আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক।
নির্ধারিত কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।



No Comment! Be the first one.