শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতা ও চিকিৎসার কারণে নির্বাচনী এলাকায় নিয়মিত উপস্থিত থাকতে না পারার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বার্তা বাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন ওসমান ফারুক। তবে পদত্যাগপত্র পাঠানো বা তা গ্রহণের বিষয়ে সংসদ সচিবালয় কিংবা তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
সংসদ সচিবালয় সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই সংসদ সদস্য। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের কথা জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।



No Comment! Be the first one.