খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোপাল ইউনিয়ন শাখার সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তাঁকে গ্রেপ্তারে এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ আকিবকে এজাহারভুক্ত আসামি করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



No Comment! Be the first one.