অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটে আলু ও আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা
অসময়ের এক রাতের টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় জয়পুরহাটের কৃষকদের সোনালি স্বপ্নে বড় ধরনের আঘাত হেনেছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সদ্য রোপণ করা আগাম জাতের আলু ক্ষেত এবং মাঠে কেটে রাখা পাকা আমন ধান। এতে করে জেলার কয়েক হাজার কৃষক চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে ফসলি জমিগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আলু চাষের জন্য তৈরি করা জমির উঁচু বেড বা আইলগুলোর মাঝের নালা পানিতে পুরোপুরি ভরে গেছে। সদ্য অঙ্কুরিত আলুর চারাগুলোর গোড়ায় পানি জমে থাকায় শিকড়ে পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে।
অন্যদিকে, সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছেন আমন ধান চাষিরা। মাঠের পাকা ধান কেটে শুকানোর জন্য জমিতেই আঁটি বেঁধে রাখা হয়েছিল, যা রাতের বৃষ্টিতে জমে থাকা পানির নিচে তলিয়ে গেছে। পানিতে ডুবে থাকায় পাকা ধানের শীষ নষ্ট হওয়ার পাশাপাশি দানা ঝরে পড়া এবং ভেজা ধানে অঙ্কুরোদগম শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া পানিতে ভিজে যাওয়ায় গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়ও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, চড়া দামে বীজ, সার ও কীটনাশক কিনে তারা আগাম আলুর আবাদ করেছিলেন। কিন্তু রোপণের পরপরই এমন বৃষ্টি সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছে। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করা না গেলে জমির সব আলু বীজ পচে নষ্ট হয়ে যাবে। আর কাটা ধান পানি থেকে তুলে শুকানোর কোনো পরিবেশ না থাকায় তারা চরম দুশ্চিন্তায় দিন পার করছেন।



No Comment! Be the first one.