ক্ষমতায় বিএনপি কিন্তু আ. লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির এক নেতাকে গুম করার অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতাকে গুম করেছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ফ্যাসিস্ট শক্তি ইতিহাস ও ভূগোল বদলে দিতে চেয়েছিল। তবে মানুষের ভেতরের শক্তিকে তারা চিনতে ভুল করেছে। বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, একমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। হত্যা, রক্তপাত ও অগ্নিসংযোগের মাধ্যমে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণের সম্মিলিত শক্তিকে পরাজিত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, গত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িত। গুমের প্রবণতা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, তাঁর সঙ্গে কারাগারে থাকা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।
বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিচ্ছে। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



No Comment! Be the first one.