দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গোপালগঞ্জ: গোলাম পরওয়ার
গোপালগঞ্জের পরিস্থিতি দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নববর্ষ প্রকাশনী উৎসবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, গোপালগঞ্জ যে বাংলাদেশের অংশ নয়, এমন ধারণা মানুষ বিশ্বাস করতে পারছে না। তাঁর অভিযোগ, দিল্লি থেকে গোপালগঞ্জ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
গোলাম পরওয়ারের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং ধারালো অস্ত্র হাতে শোডাউন দিচ্ছে। এ সময় পুলিশকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, থানাশূন্য হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আগে বাংলাদেশে দেখা যায়নি। গোপালগঞ্জের এমন পরিস্থিতির নিন্দা জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।
অনুষ্ঠানে শ্রমিকদের মজুরি প্রসঙ্গেও কথা বলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের দৈনন্দিন জীবন পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এ কারণে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, চাঁদাবাজির কারণে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের ওপর চাপ তৈরি হচ্ছে। শ্রমিক ও শিল্পের স্বার্থ বিবেচনায় নিয়ে আসন্ন মজুরি বোর্ডের বৈঠকে দাবি জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সংলাপের পরিবেশ তৈরি হবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরও বক্তব্য দেন। তিনি দাবি করেন, জামায়াতের লংমার্চে জনগণের পূর্ণ সমর্থন পাওয়া গেছে। নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা মোকাবিলায় গণভোট বাস্তবায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জুলাই-পরবর্তী রাজনৈতিক ঐক্য এখনো অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন জুবায়ের।



No Comment! Be the first one.