১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা, পাঁচটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী বিশেষায়িত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে গত ১০ দিনে হামলা, ভাঙচুর, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির পাঁচটি শাখা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কের কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংকের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আকতার হামিদ।
চিঠিতে উল্লেখ করা হয়, হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের সব শাখার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়, ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলায় মোট ৭২টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চিঠিতে বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি শাখায় অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র, ঋণ আদায়ের শিট, সাইনবোর্ড, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম পুড়ে গেছে। এ ছাড়া কয়েকটি কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতিতে ব্যাংকের শাখা ও কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদার এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।



No Comment! Be the first one.