পুলিশের ১৪ হাজার নতুন পদ সৃষ্টির অনুমোদন, ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৪ হাজার নতুন পদ সৃষ্টির মঞ্জুরি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ৪ হাজার এসআই (নিরস্ত্র) এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে। রাজস্বখাতে অস্থায়ীভাবে এসব পদ সৃষ্টির বিষয়ে গত ১৫ নভেম্বর পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে জারি করা আদেশ দুটিতে উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষর করেছেন। আদেশগুলোতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোর আওতায় নতুন পদ সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।
প্রথম আদেশে ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এসব পদ গ্রেড-১০-এর আওতাভুক্ত। অর্থ বিভাগের নির্ধারিত জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী পদগুলোর বেতনসীমা ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। আদেশ অনুযায়ী, Police Regulations of Bengal, 1943 অনুসারে এসব পদ পূরণযোগ্য।
অন্যদিকে, দ্বিতীয় আদেশে ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির মঞ্জুরি দেওয়া হয়েছে। এসব পদ গ্রেড-১৭-এর আওতাভুক্ত এবং নির্ধারিত বেতনসীমা ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে Police Regulations of Bengal, 1943 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ মে ১৯৯০ তারিখের ২৫৯ নম্বর স্মারক অনুসরণ করতে হবে। প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শারীরিক ফিটনেস থাকতে হবে।
দুটি আদেশেই জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখার সম্মতি ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।
মঞ্জুরি আদেশে আরও বলা হয়েছে, নতুন পদগুলোর ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকে নির্বাহ করা হবে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্ত এবং বিদ্যমান বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
নতুন ১৪ হাজার পদ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ পুলিশের জনবল ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পদ সৃষ্টির মঞ্জুরি আদেশ জারি হওয়া এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এক বিষয় নয়। নিয়োগের আবেদন, সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।



No Comment! Be the first one.