আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
আগামীকাল রোববার (২২ নভেম্বর) ঢাকায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এতে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে নেই।
এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির আওতায় এটিই মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বৈঠকগুলোর একটি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারতের বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যায়। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দুই দেশ ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত গঙ্গার পানি বণ্টনের বিষয়টি নির্ধারিত হয়। শুষ্ক মৌসুমে ১০ দিন পরপর পানিপ্রবাহের পরিমাণ বিবেচনায় দুই দেশের মধ্যে পানি বণ্টনের ব্যবস্থা রয়েছে।
আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের চুক্তিটির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক দূরত্ব এ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
এদিকে, ভবিষ্যতে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি হলে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।



No Comment! Be the first one.