এক টেস্টে দুইবার নব্বইয়ের ঘরে আউট, ইতিহাস গড়েও আক্ষেপে শাকিল!
ক্রিকেটে ভাগ্য কখনো কখনো নির্মম হয়ে ওঠে। যার প্রমাণ দিলেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটার শাকিল। একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও তিন অঙ্কের দেখা পেলেন না তিনি। দুইবারই থামতে হয়েছে নব্বইয়ের ঘরে।এই বিরল ঘটনার মধ্য দিয়ে পাকিস্তানের টেস্ট ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন শাকিল। দেশটির হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই নব্বইয়ের ঘরে আউট হওয়ার নজির গড়লেন তিনি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র ছয়বার।
শাকিলের এমন ব্যক্তিগত আক্ষেপের ম্যাচটি অবশ্য ড্র হয়েছে পাকিস্তানের জন্য স্বস্তির ফল নিয়ে। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে ব্যাট হাতে দলের পরাজয় ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।শেষ দিন মাঠে নামার সময় পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৭ রান। জয় নিশ্চিত করতে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল দ্রুত পাকিস্তানের বাকি উইকেটগুলো তুলে নেওয়া। দিনের শুরুতেই চার উইকেট শিকার করে সেই সম্ভাবনাও জাগিয়ে তোলে সফরকারীরা। মধ্যাহ্নবিরতিতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৫১ রান, লিড তখন মাত্র ১৩৯।
এমন চাপের মুহূর্তে দলের হাল ধরেন শাকিল। ষষ্ঠ উইকেটে গাজি ঘোরির সঙ্গে ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে পাকিস্তানকে বিপদমুক্ত করেন তিনি। ঘোরির ব্যাট থেকে আসে ৩৫ রান। অন্যদিকে ২১০ বল মোকাবিলা করে ৭টি চারের সাহায্যে ৯৭ রানের ইনিংস খেলেন শাকিল।তবে লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে মাত্র তিন রানের জন্য চতুর্থ টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি। তাঁর বিদায়ের সময় পাকিস্তানের স্কোর ছিল ৮ উইকেটে ২৮৪ রান। এরপর দুই দল ড্র মেনে নেয়। শ্রীলঙ্কার হয়ে মিলান রত্নায়েকে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। আসিতা ফার্নান্ডো ও লাহিরু কুমারা নেন দুটি করে উইকেট।
এর আগে প্রথম ইনিংসেও পাকিস্তানের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন শাকিল। তাঁর ৯৩ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৪৪৬ রান। একসময় চার উইকেটে ৪০৪ রান তুলে বড় লিডের পথে থাকলেও শেষ ছয় উইকেট হারায় মাত্র ৪২ রানে। পাকিস্তানের অভিষিক্ত পেসার সাকিব খান একাই শিকার করেন সাত উইকেট।এদিকে ব্যাট হাতে আলোচনায় ছিলেন না শুধু শাকিল। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের সেঞ্চুরির অপেক্ষাও আরও দীর্ঘ হয়েছে। প্রথম ইনিংসে ৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ৩৪। ফলে টেস্টে তাঁর শতকের অপেক্ষা গিয়ে দাঁড়িয়েছে টানা ৪২ ইনিংসে।
রাওয়ালপিন্ডির এই টেস্টে বৃষ্টি ও আলোকস্বল্পতা ম্যাচের স্বাভাবিক গতিতে বারবার বাধা সৃষ্টি করেছে। পাঁচ দিনের খেলায় নির্ধারিত ৩৬০ ওভারের মধ্যে ১১৭ ওভারই মাঠে গড়ায়নি। ফলে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগও পায়নি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী মঙ্গলবার একই ভেন্যুতে শুরু হওয়ার কথা রয়েছে।



No Comment! Be the first one.