চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা: প্রধানমন্ত্রী
আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, নারী-পুরুষের মধ্যে যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। আগামী চার বছরে এ কর্মসূচির মাধ্যমে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় শিগগিরই মন্ত্রিসভায় এসএমই নীতিমালা অনুমোদনের পরিকল্পনা রয়েছে। এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও রয়েছে।
উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ছাড়া এসএমই খাতের পণ্যের নকশা ও মান উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন বাণিজ্য মেলায় অংশ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুধু চাকরি খোঁজার পরিবর্তে এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।



No Comment! Be the first one.