বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।
শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামাল সরদার বাদামতলা এলাকায় ওয়ার্ড বিএনপির কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার গভীর রাতে কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
কামাল সরদার বলেন, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তিনি ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচুর রহমান ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলটি থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



No Comment! Be the first one.